মানিকগঞ্জে বোতল খুলে বেশি দামে তেল বিক্রি, লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

গুদামে ৫ লিটার ও ২ লিটারের বোতলে ১৩০০ লিটার সয়াবিন তেল মজুত করে রাখা ছিল রমজান মাস থেকে। বোতলের গায়ে আগের মূল্য লেখা থাকায় তেল খুলে লিটারপ্রতি ২০ টাকা বেশিতে বিক্রি করছিলেন মানিকগঞ্জের এক ব্যবসায়ী।

এই অপরাধে আজ শুক্রবার জেলা শহরের দুধবাজার এলাকার কালীপদ অ্যান্ড সন্স নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী নিরঞ্জন বণিককে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ বিষয়ে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, 'বাজারে সয়াবিন তেলের বেশ চাহিদা থাকার পরও ওই পরিবেশক গুদামে তেল মজুত করে রেখেছিলেন। পরে যা বেশি দামে খোলা বাজারে বিক্রি করে আসছিলেন। এ কারণে তাকে জরিমানা করার পাশাপাশি মজুত করা তেল ন্যায্যমূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।'

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ বলেন, 'কেউ যাতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি না করে, সে ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে। মজুতকারী যেই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।'