মানিকগঞ্জে মাকে হত্যা চেষ্টার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ায় মাকে হত্যার চেষ্টার অভিযোগে ছেলে খোকন মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খোকন মিয়া একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি মা ফিরোজা বেগমের সঙ্গে খারাপ আচরণ করতেন।
সোমবার সকালে টাকা চেয়ে না পাওয়ায়, মায়ের গলা চেপে ধরেন তিনি। এ সময় ফিরোজা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে খোকন পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
আহত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে থানায় নিয়ে যায় স্থানীয়রা।
ওসি আশরাফুল আলম জানান, ভুক্তভোগী ফিরোজা বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।