মানুষ যায় শ্রদ্ধা জানাতে, তারা যায় চুরি করতে
মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া মানুষের মোবাইল-মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র চুরি চক্রের ১৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ ছাড়া তাদের কাছ থেকে চুরির ১৯টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই চক্রটি বিভিন্ন দিবস, রাষ্ট্রীয়, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে গিয়ে কৌশলে মোবাইলসহ মূল্যবান বিভিন্ন জিনিস চুরি করে থাকে। মহান স্বাধীনতা দিবসকে টার্গেট করে তারা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে স্মৃতিসৌধে এসেছিল।'
তিনি আরও বলেন, 'গত বিজয় দিবসেও এই চক্রটিই সাংবাদিক, পুলিশ, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাসহ বহু মানুষের মোবাইল ও মূল্যবান জিনিসপত্র চুরি করেছিল। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্মৃতিসৌধ প্রাঙ্গণের বিভিন্ন স্থান থেকে এই চক্রের ১৩ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরির ১৯টি মোবাইল।'
আটক ১৩ জনের মধ্যে বেশ কয়েক জনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। রাতে তাদের বিরুদ্ধে এ বিষয়ে মামলা দায়ের করা হবে। এ ছাড়া আগামীকাল আসামিদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।