মালয়েশিয়া নেওয়ার কথা বলে রোহিঙ্গাদের সোনাদিয়া নামিয়ে দিলো দালাল চক্র

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালানো ১৩৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেল ৫টার দিকে সোনাদিয়া দ্বীপের চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোনাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে সমুদ্রপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে দালাল চক্রের সদস্যরা তাদের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নিয়ে আসে।

স্থানীয়রা জানান, বিকেলে রোহিঙ্গাদের বহনকারী একটি বড় কাঠের ট্রলার সোনাদিয়ার বঙ্গোপসাগরের মোহনায় চর এলাকায় নোঙর করে। পরে রোহিঙ্গাদের চরে নামিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা এ ঘটনা দেখতে পেয়ে মহেশখালী থানা পুলিশকে জানায়। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৫১ জন নারী ও ১৫ জন শিশুসহ মোট ১৩৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে।

পুলিশ জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। দালাল চক্রকে চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।