মিতু হত্যাকাণ্ড: ৩ পলাতক আসামির বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় গত ১২ মে  করা মামলার তিন পলাতক আসামির বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা তিন পলাতক আসামির বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

তিন আসামি হলেন--কামরুল ইসলাম মুসা, এহতেশামুল হক ভোলা ও মো. খায়রুল ইসলাম কালু।

পরিদর্শক সন্তোষ কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অভিযুক্তরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য স্থল, সমুদ্র ও বিমান বন্দরসহ দেশের সব বন্দরে ওই তিন জনের বিরুদ্ধে আদালত সতর্কতা জারি করেছেন।’

২০১৬ সালের ৫ জুন বন্দর নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাস স্টপে নিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। হত্যার পর তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল পাঁচলাইশ থানায় তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কাছ থেকে পিবিআইয়ের কাছে হস্তান্তর হয়।

চলতি বছরের ১১ মে চট্টগ্রাম পিবিআই বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। তিনি তদন্তকারীদের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলে তাকে পিবিআইয়ের হেফাজতে নেওয়া হয়।

পরদিন মিতুর বাবা বাবুলকে প্রধান আসামি করে আট জনের বিরুদ্ধে এ হত্যা মামলা করেন।