মির্জাপুরে আ. লীগের সম্মেলনে সংসদ সদস্যের ওপর হামলা, সংঘর্ষে আহত ৫

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

তবে তাৎক্ষনিকভাবে হামলার কারণ এবং হামলায় আহতদের নাম জানা যায়নি।   

কয়েকটি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার মির্জাপুর সরকারি কলেজ চত্বরে সম্মেলনের প্রথম অধিবেশন শান্তিপূর্ণভাবে শেষ হয়। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। উভয়পক্ষ এই কমিটি মেনে নিলেও হঠাৎ জেলা শ্রমিক লীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুতের ছেলে ইশতিয়াক মাহমুদ সান স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর ওপর হামলা করেন। 

এসময় সাংসদের ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক এবং সাবেক ছাত্রলীগ নেতা এর প্রতিবাদ করতে গেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর ছেলে যুবলীগ নেতা মীর মঈন হোসেন রাজিবের নেতৃত্বে তাদের ওপরেও হামলা হয়। 

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

হামলার কথা স্থানীয় সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা খান আহমেদ শুভ। 

এই ঘটনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ।