মিয়ানমার সীমান্তবর্তী পাহাড় থেকে প্রায় ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫
কক্সবাজার জেলার উখিয়ার মিয়ানমার সীমান্তবর্তী গর্জনবনিয়া করবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার বিজিবির কক্সবাজারস্হ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহা. মেহেদী হাসান কবির জানান, এ সময় আটক করা হয়েছে মাদক চোরাকারবারি চক্রের ৫ সদস্যকে।
তিনি জানান, গতকাল উখিয়ার ২টি স্থানে অভিযান চালিয়ে ৬ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ ইয়াবা মজুদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি জোরদার করা হয়। এর অংশ হিসেবে গতকাল করবুনিয়ায় মো. ইকবাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। তার ঘর তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় উখিয়ার জালিয়াপালংয়ের পাইন্যাশিয়া চরপাড়ার মো. মাহবুব (৩০), করাইবুনিয়ার সুফিয়া সুলতানা সুমি (২৬) ও ফাতেমা বেগম (৬৫) এবং চাকবৈঠার রফিক উল্লাহকে (২১) গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে রেজুপাড়া ও গর্জনবুনিয়া সীমান্তের গহীন পাহাড় থেকে আরও ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর এক অভিযানে রেজুপাড়া সীমান্ত এলাকা থেকে আরও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় নাইক্ষ্যংছড়ির বাসিন্দা রফিক আলমকে (৩০) গ্রেপ্তার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মোহা. মেহেদী হাসান বলেন, 'ইয়াবা উদ্ধারের ঘটনায় উখিয়া থানায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'