মুন্সিগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকার আবাসন প্রকল্পের একটি বাসায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকার মোতালেবের ছেলে মো. হৃদয় শেখ (২০) ও কেয়াইন ইউনিয়নের মধুটুপি এলাকার মজিদের ছেলে মো. আশিক (২০)।
এ ঘটনায় আরও ৭ জন পলাতক আসামিকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধর্ষণের ঘটনায় ৯ জনের জড়িত থাকার অভিযোগ পেয়েছি। তাদেরকে আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।'
তিনি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় সুখের ঠিকানা নামের আবাসন প্রকল্পের ভেতর এ ধর্ষণের ঘটনা ঘটে। ওই তরুণী ঢাকার একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন। ঢাকা থেকে ২ যুবক সিরাজদিখান এলাকায় স্থানীয় এক ব্যক্তির বাসায় তরুণীকে নিয়ে যায়। এরপর সেখানে আরও ৭ জন অজ্ঞাতনামা আসামি মিলে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় আজ মঙ্গলবার সিরাজদিখান থানায় মামলা করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার করে। এসময় ২ যুবককে আটক করা হয়। ঘটনাস্থল পাশ্ববর্তী থানায় হওয়ায় আসামিদেরকে সিরাজদিখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, 'বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।'