মুন্সিগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি পাখীর মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বিকেলে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে এতে উল্লেখ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হিমেল (১৮), মেহেদী হাসান (১৮), মেহেদী হাসান (১৮), মো. আদর ওরফে জীবন (১৮), জাবেদ (১৮)। তাদের সবার বাড়ি গজারিয়া উপজেলার কদমতলী গ্রামে।

ওসি রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে ডাকাতি করার সরঞ্জাম এবং দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।