মুরাদ হাসানের বাসার আশেপাশে টহল বাড়ানো হয়েছে: পুলিশ

স্টার অনলাইন রিপোর্ট

হুমকি-ধামকির অভিযোগ এনে স্ত্রী ডা. জাহানারার দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা.  মুরাদ হাসানের বাসার আশেপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় জিডির তদন্ত অফিসার ধানমন্ডি থানার পুলিশের উপ-পরিদর্শক রাজিব হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

রাজিব হাসান বলেন 'গতকালের জিডির পর তারা মুরাদ হাসানের স্ত্রী-সন্তানদের সর্বাত্মক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। বাসার আশেপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে।'

রাত ৯টা ১৫ মিনিটে রাজিব হাসান টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল বাসা থেকে বের হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তিনি বাসায় আসেননি।'

তিনি আরও বলেন, 'মুরাদ হাসানের পরিবার যে বাসায় থাকেন সে বাসার এবং আশেপাশের লোকজনকে পুলিশের মোবাইল নম্বর দেওয়া আছে। মুরাদ হাসানকে দেখা মাত্র ফোন দিতে বলা হয়েছে।'

'আগামীকাল জিডির তদন্ত চেয়ে আদালতের অনুমতি চাওয়া হবে। আদালত অনুমতি দিলে মুরাদ হাসানের অবস্থান জানার চেষ্টা করা হবে,' রাজিব হাসান যোগ করেন।