মৃত্যুদণ্ড নৃশংস হত্যার উপযুক্ত শাস্তি: হাইকোর্টের পর্যবেক্ষণ

স্টার অনলাইন রিপোর্ট

নৃশংস হত্যাকাণ্ডের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড উল্লেখ করে ময়মনসিংহে জোড়া খুনের ঘটনায় করা মামলার ডেথ রেফারেন্সের ওপর একটি পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ২৮ মার্চ এ পর্যবেক্ষণ দেন।

পাশাপাশি আদালত বলেন, 'প্রত্যেকের নিজ বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।'

এই পর্যবেক্ষণে হাইকোর্ট বেঞ্চ ২০১৪ সালে অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার আব্দুল হক ও তার স্ত্রী রায়হাতুন নেসাকে হত্যার দায়ে আসামি গোলাম মোস্তফা মিঠুর মৃত্যুদণ্ড নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১২ জুলাই আব্দুল হকের ভাড়াটিয়া গোলাম মোস্তফা মিঠু (২২) টাকার জন্য সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে আব্দুল হক ও রায়হাতুন নেসাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ হত্যার ঘটনায় করা মামলায় ২০১৬ সালের ২৬ জুন ময়মনসিংহের দায়রা জজ আদালতের বিচারক গোলাম মোস্তফা মিঠুর মৃত্যুদণ্ড দেন।

গত ২৮ মার্চ মামলার ডেথ রেফারেন্স এবং গোলাম মোস্তফার আপিলের ওপর রায় দেন হাইকোর্ট বেঞ্চ।

এ সময় বেঞ্চ বলেন, 'নৃশংস জোড়া খুনের ঘটনায় ময়নাতদন্ত রিপোর্ট, তদন্ত, সাক্ষীদের জবানবন্দি, জেরা, স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে আসামির সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।'

'নিহতরা দুজনই বয়স্ক ব্যক্তি। নিজ বাড়িতে তাদের ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি,' পর্যবেক্ষণে হাইকোর্ট বেঞ্চ বলেন।

ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির সময় আসামির পক্ষে আইনজীবী এস এম শাহজাহান, ফরহাদ আহমেদ, আমির হোসেন, শফিকুল আজম খান ও আনোয়ারুল ইসলাম এবং মামলার বাদীর আইনজীবী ফজলুল হক খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন উপস্থিত ছিলেন।