মেঘনা ও সংযুক্ত খালে মাটি ভরাট, নির্মাণে স্থিতাবস্থার আদেশ হাইকোর্টের

স্টার অনলাইন রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডকে (এপিএসসিএল) মেঘনা নদী ও সংযুক্ত সোনারামপুর খালে মাটি ভরাট ও অবকাঠামো নির্মাণের বিষয়ে ৩ মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের জবাবে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

এছাড়াও, আশুগঞ্জে মেঘনা নদী ও সোনারামপুর খালের একটি অংশে এপিএসসিএল মাটি ভরাট ও অবকাঠামো নির্মাণ করায় যে ক্ষতি হয়েছে সরকারকে তা মূল্যায়নের নির্দেশ দিয়েছেন আদালত।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে ক্ষয়ক্ষতির হিসাব করে করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া, আদালত একটি রুল জারি করে বেআইনি ও অননুমোদিতভাবে মেঘনা নদী ও সোনারামপুর খালে মাটি ভরাট ও জমি দখলকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এপিএসসিএলকে ব্যাখ্যা করতে বলেছেন।