মোর্শেদ হত্যা মামলায় ৭ আসামির ৫ দিন করে রিমান্ড
কক্সবাজারে আলোচিত মোরশেদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার ৭ আসামিকে ৫ দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে উভয় পক্ষের শুনানী শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবুল মনজুর সিদ্দিকী এ আদেশ দেন।
কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সহকারী উপপরিদর্শক মো. রবিউল করিম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন নুরুল হক, মোহাম্মদ আলী, মাহমুদুল হক, আবদুল আজীজ, মোহাম্মদ আবদুল্লাহ, উমর ফারুক ও দিদারুল আলম।
গ্রেপ্তার অপর ২ আসামি মোহাম্মদ ইয়াসিন ও জাহেদুল হক বয়সে কিশোর হওয়ায় তাদের বয়স বিবেচনায় রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ৭ এপ্রিল ইফতারের কিছু সময় আগে কক্সবাজার সদরের পিএমখালী চেরাংঘর বাজারে তারা কয়েক শত মানুষের উপস্থিতিতে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে, হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে সৌদি আরব ফেরত যুবক মোরশেদ আলীকে (৪০)। ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনার পরই জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় মোরশেদ আলীর ছোট ভাই জাহেদ আলী বাদী হয়ে ৯ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলায় এখন পর্যন্ত মোট ৯ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।