মৌলভীবাজারে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রাম থেকে নিখোঁজের ২ ঘণ্টা পর ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল সন্ধ্যার দিকে বাড়ির পাশে একটি গর্ত থেকে গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
কমলগঞ্জ শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শিশুটির নাম ফাতেমা জান্নাত মৌ। বাবার ফরিদ মিয়া। মৌ কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
ফরিদ মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, মৌকে বুধবার আছরের নামাজের পর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির ২ ঘণ্টা পর বসত ঘরের পিছনের একটি ছোট মাটির গর্তে তার গলাকাটা ও ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, 'মৌয়ের গলায় ও পেটে কাটার দাগ আছে। দেহের বিভিন্ন অংশে ছোরা দিয়ে কোপানোরও দাগ আছে। ঠিক কী কারণে এবং কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত চলছে।'
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদোস হাসান বলেন, 'আমরা আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি। কমলগঞ্জ থানায় আজ ভোরে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তবে হত্যার কারণ খুঁজে পায়নি পুলিশ।'