মৌলভীবাজার সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি তরুণ আটক
মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এ ঘটনায় আজ শুক্রবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৪৬ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশি তরুণ মো. ফয়জুর শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।
অবৈধভাবে বাংলাদেশে আসা এক ভারতীয় নাগরিককে ভারতে পার করার সময় বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান।
তিনি বলেন, 'অবৈধভাবে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করায় তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয় যে ওই ভারতীয় নাগরিক ও এই বাংলাদেশি তরুণ মানবপাচারের সঙ্গে জড়িত।'