ময়মনসিংহে ঘরে ঢুকে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাহফুজুর রহমান সাজিদ (১৬) নামে এক স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আজ রোববার বিকেলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রাম থেকে আজ সকাল ১১টার দিকে মাহফুজুর রহমান সাজিদ নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সাজিদ ওই গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করতো। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে সাজিদকে হত্যা করা হয়েছে।

মিজানুর রহমান আরও বলেন, ভোররাতে কোনো এক সময় এই হত্যাকাণ্ড হয়েছে। সে সময় সাজিদ বাড়িতে একাই ছিল। সাজিদের বড় ভাই শুভ চিকিৎসার জন্য কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় তার খালার বাড়িতে ছিলেন। তার মা একই উপজেলার বাকচাঁন্দা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

সাজিদকে হত্যার পর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে বিছানার ওপর মরদেহ ফেলে চলে যায়। সকালে প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘরে ডাকাতি বা চুরির মতো কোনো ঘটনা ঘটেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বলেন তিনি।