ময়মনসিংহে ২ গারো স্কুলছাত্রী ধর্ষণের মূল আসামি রিয়াদসহ গ্রেপ্তার ৬

স্টার অনলাইন রিপোর্ট

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের ২ স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার মূল আসামি রিয়াদসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন- রিয়াদ, শরীফ, মিয়া হোসেন, মিজান, রোকন ও আব্দুল হামিদ।

আজ শনিবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের পক্ষ থেকে মূল আসামি রিয়াদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। আর মামলার এজাহারভুক্ত অপর ৫ আসামিকে গ্রেপ্তারের তথ্য জানায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে

গাজীপুর, তারাকান্দা ও হালুয়াঘাটে অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে গাজীপুর থেকে শরীফ, মিজান, রোকনকে, তারাকান্দা থেকে মিয়া হোসেনকে এবং হালুয়াঘাট থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়।'

পুলিশ সূত্র জানায়, গত ২৭ ডিসেম্বর রাতে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভারত সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ি গ্রামে ২ কিশোরীকে আটকে হত্যার ভয় দেখিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন কিছু তরুণ।

পরে ৩০ ডিসেম্বর ধর্ষণের শিকার হওয়া এক কিশোরীর বাবা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়।

মামলার পর স্থানীয় বাসিন্দারা একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।