যশোরে জমি নিয়ে বিরোধ: যুবক নিহত, আটক ১
যশোরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম আজাদ (৪২) নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দিপু নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত আজাদ যশোর শহরতলীর ধর্মতলা এলাকার ইব্রাহীম খলিলের ছেলে।
নিহতের ভাই সালাউদ্দীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ভাই আবুল কালাম আজাদ ও প্রতিবেশী নাজু আহমেদের সঙ্গে বাড়ির সীমানা দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৩০ অক্টোবর বিকেলে আবু কালাম বাড়ির সীমানা প্রাচীর দিচ্ছিলেন। সংবাদ পেয়ে নাজু এসে প্রাচীর ভেঙে ফেলে।'
'পরে সেদিন রাতে নাজুর নেতৃত্বে দিপুসহ ১০/১২ জন আবুল কালামের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'গুরুতর আহতাবস্থায় পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়।'
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'মৃত্যুর সংবাদ পাওয়ার পর পুলিশের একটি দল দিপু নামে এক যুবককে আটক করেছে।'