যশোর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আহসানুল করিমের ওপর হামলা
যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আহসানুল করিমের ওপর হামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এমএম কলেজের সামনে হকিস্টিক নিয়ে বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার প্রতিবাদে সন্ধ্যায় যশোর শহরে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
হাসপাতালে চিকিৎসাধীন আহসানুল করিম জানান, বিকেলে তিনি তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। পেছন থেকে বেশ কয়েকজন তার মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করেন। মাটিতে ফেলে তাকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ তারেক সামস বলেন, অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।
জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মাহবুব আলম বিদ্যুৎ বলেন, হামলাকারী সন্ত্রাসীদের বিচার চাই। তাদের দ্রুত আটক করতে হবে। নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।