যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
যশোর শহরের পুরাতন কসবা এলাকায় রুম্মান হোসেন (৩০) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ১২টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় ওই ঘটনা ঘটে। রুম্মান বালুর ব্যবসা করতেন। তিনি শহরের টালিখোলা মাদ্রাসা এলাকার লিয়াকত পাটোয়ারীর ছেলে।
তার সঙ্গে থাকা আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি একই এলাকার আব্দুর রহমান বাবুর ছেলে।
জেলা যুবলীগের সহ-সভাপতি আজাহার হোসেন স্বপন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রুম্মান সরাসরি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা পুলিশ ভালো বলতে পারবে।'
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গুরুতর আহত অবস্থায় রুম্মান ও শাকিলকে হাসপাতালে ভর্তি করা হলে তাদেরকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। রাত ১টার দিকে রুম্মান মারা যান। শাকিলের অবস্থাও আশঙ্কাজনক।'
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত রুম্মান যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রুপের লোকজন তাকে কুপিয়ে হত্যা করতে পারেন বলে ধারণা করছি। রুম্মান অস্ত্র, মাদক ও বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলার এজাহারভূক্ত আসামি।'
ওসি বলেন, 'আসামিদের আটকের জন্য পুলিশের একাধিক টিম জোরদার অভিযান শুরু করেছে। কারা, কেন, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্তের স্বার্থে তা এখন বলা সম্ভব নয়।'
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ইয়াসিন আরাফাত (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে একই গ্রুপের লোকজন। ওইদিন সন্ধ্যায় শহরের বেজপাড়া ব্রাদার্স ক্লাবের মধ্যে তাকে হত্যা করা হয়।