যশোরে হিজড়া সদস্যকে ছুরিকাঘাতে হত্যা
যশোরে এক হিজড়া সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লাবনী আক্তার (৩০) শহরের বেজপাড়ার বাসিন্দা।
শনিবার সকাল ১০টায় যশোর-ছুটিপুর সড়কের হালসা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নাজমা ও সেলিনা জানান, শনিবার সকালে তারা ৩ জন ছুটিপুর গ্রামে যান। হালসা ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ করে মুখে মাস্ক পরা ২ জন এসে লাবনীর গলায় ছুরি দিয়ে পোচ দেয়। লাবনী এ সময় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় লাবনীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস জানান, গুরুতর অবস্থায় লাবনীকে হাসপাতেলে আনা হয়। অস্ত্রোপচারের টেবিলেই তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে পুলিশ তা তদন্ত করে দেখছে। লাবণীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে থানায়।