যাত্রাবাড়ীর ময়লার স্তূপ থেকে নারীর দগ্ধ ও অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার ময়লার স্তূপ থেকে অজ্ঞাত এক নারীর দগ্ধ ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে বলে জানানো হয়েছে।

গতকাল দিবাগত রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। পরে আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানা উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে গতরাত ১০টার দিকে যাত্রবাড়ীর ভাঙ্গাপ্রেস ময়লার ডিপো থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আগুনে পোড়া ছিল। এ ছাড়া, মরদেহটিতে পচন ধরেছে।'

তিনি বলেন, 'ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হতে পারে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।'

'ওই নারীর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহসহ তাকে ধর্ষণ করা হয়েছে কি না, কিংবা তিনি অন্তঃসত্ত্বা ছিলেন কি না, সে বিষয়ে জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে', যোগ করেন তিনি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ধারণা করা হচ্ছে, হত্যার পর তাকে সেখানে ফেলে রাখা হয়েছে। এ ছাড়া, অনেক সময় ডিপোতে ময়লা আগুনে পুড়িয়ে ফেলা হয়। সে আগুনেও তার শরীর দগ্ধ হতে পারে। তবে সবকিছু মিলিয়ে আমরা তদন্ত করছি।'