পিরোজপুর

যুবকের কবজি বিচ্ছিন্ন: ইউপি চেয়ারম্যানসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বৃহস্পতিবার এক যুবককে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে।

পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, তার চাচা কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিহাব হোসেনসহ ৩২ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা করা হয়েছে।

ভুক্তভোগী নাদিম খানের (২৫) ফুফু তামান্না বাদী হয়ে পিরোজপুর সদর থানায় এ মামলা করেছেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাসুদুজ্জামান দ্য ডেইলি স্টারকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
 
গত বছর ১১ এপ্রিল প্রথম ধাপের ইউপি নির্বাচনে নির্বাচিত কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিহাব হোসেন এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হানিফ খানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে দুই জনের সমর্থকদের মধ্যে নির্বাচনের আগে এবং পরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সর্বশেষ বৃহস্পতিবার হানিফের সমর্থক নাদিমকে উত্তর কদমতলা গ্রামে কুপিয়ে তার ডান হাত কেটে আলাদা করে ফেলে শিহাবের সমর্থকরা।

নাদিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।