‘যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া’
অভিনেতা-কণ্ঠশিল্পী তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের দায়ের করা প্রতারণার মামলায় যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা, শবনম ফারিয়া, ইভ্যালির চেয়ারম্যান ও এমডিসহ মোট ৯ জনকে আসামি করে প্রতারণার মামলাটি করেন ইভ্যালির গ্রাহক সাদ স্যাম রহমান।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, 'যেহেতু একটি মামলা দায়ের করা হয়েছে, তাই তারা আমাদের নজরদারিতে আছে এবং যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে।'
পুলিশ জানিয়েছে, তাহসান, মিথিলা এবং অন্যান্য অভিযুক্তরা এই অভিযোগের দায় এড়াতে পারে না।
মামলার বাদী সাদ স্যাম রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তারের পরপরই তিনি গুলশান ও ধানমন্ডি থানায় মামলা দায়ের করতে যান। কিন্তু, কোনো লাভ হয়নি। এরপর তিনি ঢাকার একটি আদালতে মামলা করেন, পরে আদালত ধানমন্ডি থানায় মামলা দায়েরের আদেশ দেন।'