যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

যৌন হয়রানির অভিযোগে মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১১ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের কাছে নূর মোহাম্মদের বিরুদ্ধে যৌন হয়রানি ও অশোভন আচরণের লিখিত অভিযোগ দিয়েছিলেন স্কুলটির ৩ জন নারী শিক্ষক। ওই অভিযোগের তদন্ত শেষে এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস।

ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগীয় উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

আজ বুধবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়া।

তিনি জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংযুক্ত করা হয়েছে। সেখানে তিনি প্রতিদিন আলাদা হাজিরা খাতায় স্বাক্ষর করবেন। বরখাস্তকালীন সময়ে তিনি খোরাকিভাতা পাবেন। তবে, কোনো ছুটি পাবেন না।

তবে, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।