রংপুরে পুলিশের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ: হাইকোর্টের তদন্ত কমিটি গঠন

স্টার অনলাইন রিপোর্ট

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে তাজুল ইসলামকে (৫৫) আটকের পর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন হাইকোর্ট। রংপুরের জেলা ও দায়রা জজকে কমিটির প্রধান করা হয়েছে।

আজ বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত একটি রুল শুনানি শেষে এ আদেশ দেন।

কমিটির অপর ২ সদস্য হলেন-রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অমিত দাস গুপ্ত বলেন, 'এর আগে রংপুর পুলিশ তাজুল ইসলামের মৃত্যু স্বাভাবিক বলে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।'

গত ১ নভেম্বর রংপুরের কাউনিয়ায় পুলিশি হেফাজতে তাজুল ইসলামকে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছিল।

২ নভেম্বর একই হাইকোর্ট বেঞ্চ পুলিশের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের ওপর হামলা এবং এ বিষয়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে সে সম্পর্কে জানতে চান।

সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ঘটনার বিষয়ে প্রথম আলোর প্রতিবেদন উপস্থাপন এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করার পর বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।