রংপুরে বিচারকের বিরুদ্ধে স্ত্রীর যৌতুক-নির্যাতন মামলা

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক দেবাংশু কুমার সরকারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন তার স্ত্রী ডা. হৃদিতা সরকার।

আজ রোববার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মো. মোস্তফা কামাল শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে সরকার পক্ষের আইনজীবী খন্দকার রফিক হাসনাইন বলেন, 'শুনানির সময় বাদী হৃদিতা সরকার আদালতে উপস্থিত ছিলেন। তার জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। আমরা মামলা গ্রহণের আরজি জানালে আদালত তা মঞ্জুর করেন।'

অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ১১ মে চিকিৎসক হৃদিতা সরকারের সঙ্গে বিচারক দেবাংশু কুমার সরকারের বিয়ে হয়। বিয়ের আসরেই ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন দেবাংশু ও তার পরিবারের সদস্যরা। এতে করে তাৎক্ষণিক বিয়ে ভাঙার উপক্রম হয়। তবে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

অভিযোগে আরও বলা হয়, বিয়ের কিছুদিনের মধ্যেই নতুন গাড়ি কেনার জন্য আবারও যৌতুক দাবি করে নানা ধরনের চাপ দিতে থাকেন দেবাংশু। এর জেরে বিভিন্ন সময় হৃদিতাকে নির্যাতন করা হয়। এরপর হৃদিতা তার বাবার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে অবস্থান করেন। এর মধ্যে জানতে পারেন দেবাংশু কুমার দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি প্রধান বিচারপতি, সচিব ও আইন মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়। ১৭ এপ্রিল কোতোয়ালি থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলার আবেদন করার পরামর্শ দেয়।

এ মামলায় বিবাদীর পক্ষে এখনও কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে বিচারক দেবাংশু কুমার সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।