রাঙ্গামাটিতে হত্যা মামলায় গ্রেপ্তার নবনির্বাচিত ৪ ইউপি চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে হত্যা মামলায় নবনির্বাচিত ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ শেষে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ৪ নবর্নিবাচিত ইউপি চেয়ারম্যান হলেন- রাঙ্গামাটি সদর উপজেলার কতুকছড়ি ইউনিয়ন পরিষদের কানন চাকমা, নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রমাদ খীসা এবং ও সাবেক্ষ্যং ইউনিয়নের সুপম চাকমা।

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, 'গ্রেপ্তার ৪ জন ওয়ারেন্টভুক্ত এবং পলাতক ছিলেন। আজকে প্রকাশ্য এলে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পর তাদের আমরা আদালতে সোর্পদ করেছি।'

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদ্দাসের হোসেন বলেন, '২০১৮ সালে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪ জন আসামি ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক ছিলেন।'

ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে তারা নির্বাচিত হয়েছেন বলে জানান এসপি।

ইউপিডিএফের মুখপাত্র মংয়ে মারমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচিত ৪ চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যে সব এলাকা থেকে ওই চারজন নির্বাচিত হয়েছেন সেগুলো ইউপিডিএফ সমর্থিত এলাকা। তারা যদি অপরাধী হয়ে থাকে, তাহলে নির্বাচনে অংশ নেওয়ার সময় পুলিশ কেন তাদের গ্রেপ্তার করেনি।'

প্রসঙ্গত, ২০১৮ সালে ৩ মে নানিয়ারচরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বন্দুক হামলায় পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির এমএন লারমা গ্রুপের সহ-সভাপতি শক্তিমান চাকমা নিহত হন।