রাঙ্গামাটিতে ২ গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ২

নিজস্ব প্রতিবদেক, চট্টগ্রাম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও পিসিজেএসএসের মধ্যে সংঘর্ষের সময় গোলাগুলিতে অন্তত ২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- জানং চাকমা (৩২) ও তুজিম চাকমা (৩৮)।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক মো. আসাদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার দুই কিলো এলাকায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও পিসিজেএসএসের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং তা দুপুর ১টা পর্যন্ত চলে।

তিনি বলেন, 'আমরা একটি পাহাড়ি এলাকা থেকে ইউপিডিএফ নেতা জানং চাকমা ও পিসিজেএসএস নেতা তুজিম চাকমার মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ২টি একটি অপরটি থেকে ৩০ গজ দূরে ছিল। এ ছাড়া, মনু মিয়া (৩০) নামের এক ভাড়ায় চালিত মোটরসাইকেল আরোহীও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'

মনু মিয়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাসিন্দা জানিয়ে এসআই আরও বলেন, 'আমরা ঘটনাস্থল থেকে একটি এসএমজি, ৫ রাউন্ড গুলি এবং বন্দুকের ১৩ রাউন্ড শেল উদ্ধার করেছি।'

যোগাযোগ করা হলে ইউপিডিএফের (গণতান্ত্রিক) তথ্য ও প্রচার সম্পাদক গতি চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'পিসিজেএসএসের একটি দল হঠাৎ দুই কিলো এলাকায় এসে জানং চাকমাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। জানং আমাদের বাঘাইছড়ি ইউনিটের প্রধান ছিলেন।'  

বাঘাইছড়ি উপজেলার পিসিজেএসএস সেক্রেটারি ত্রিদীপ চাকমা বলেন, 'আজকে বাঘাইছড়িতে পিসিজেএসএসের কোনো সদস্য নিহত হননি। আমরা কাউকে আক্রমণও করিনি। পাহাড়ে আধিপত্য বিস্তার নিয়ে ''বন্দুকযুদ্ধ'' হয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং পিসিজেএসএসের (সংস্কার) মধ্যে।'