রাঙ্গামাটি ও বান্দরবান সীমান্তে ২ গ্রুপের বন্দুকযুদ্ধ
রাঙ্গামাটি ও বান্দরবান জেলার দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় ২ সশস্ত্র গ্রুপের মধ্যে গতকাল বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। তবে দ্য ডেইলি স্টার এর সত্যতা যাচাই করতে পারেনি।
পুলিশ ও অন্যান্য গোয়েন্দা বাহিনী বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করলেও আজ বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ঘটনাস্থলে কোনো মরদেহ পায়নি।
পুলিশ জানায়, রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার কেচিপাড়া ও বান্দরবানের রাজবিলা উপজেলার নোয়াপাড়া এলাকায় 'মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্যদের সঙ্গে পাহাড়ি এলাকার অপর এক সশস্ত্র গ্রুপের সদস্যদের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে ডেইলি স্টারকে বলেন, 'গতকাল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে স্থানীয়রা গুলির শব্দ শুনে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।'
তিনি বলেন, 'রাজবিলা দুর্গম এলাকা হওয়ায় সেনা সদস্যদের নিয়ে সেখানে যায় পুলিশ, কিন্তু এলাকাটি বান্দরবান জেলার অন্তর্গত হওয়ায় বিষয়টি বান্দরবান সদর সার্কেলকে জানানো হয়।'
'সেসময় আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে কোনো মরদেহ পাননি', যোগ করেন তিনি।
তবে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আক্তার ডেইলি স্টারকে বলেন, 'যে স্থানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে সেটি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার আওতাধীন।'
তিনি বলেন, 'বন্দুকযুদ্ধের ঘটনা শুনে আমাদের দলও ঘটনাস্থলে যায়, কিন্তু বিচার বিভাগের বিষয়টি জানার পর তারা ফিরে আসে।'
রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাটি ঘটেছে কেচিপাড়া থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে। স্থানীয়রা গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। তবে আমরা বিস্তারিত জানি না।'