রাজধানীতে অভিযান চালিয়ে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার

স্টার অনলাইন রিপোর্ট 

রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শুক্রবার রাতে র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র‌্যাব-৪-এর একাধিক দল তাদের উদ্ধার করে। 

এ সময় পাচার চক্রের সঙ্গে জড়িত ১০-১২ জন পাচারকারীকেও আটক করা হয়েছে এবং অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
 
এ বিষয়ে আগামীকাল শনিবার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।