রাজধানীতে পুলিশকে মারধরের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর আশকোনায় পুলিশের এএসআইকে মারধরের মামলায় ছাত্রলীগের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের নেতার নাম রিমন মিয়া। দক্ষিণখান থানার ওসি মামুনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, রিমন স্থানীয় ছাত্রলীগের নেতা বলে স্থানীয়রা জানিয়েছেন। শনিবার রাতে আশকোনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার বিকেলে পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই মঞ্জুরুল হক আশকোনা এলাকায় ইফতার কিনতে গিয়েছিলেন। রাস্তার পাশে তিনি যেখানে মোটরসাইকেল পার্ক করেন সেখানে ৬-৭ জন আড্ডা দিচ্ছিলেন। তারা মোটরসাইকেল পার্ক করতে বাধা দেন। এক পর্যায়ে তারা মঞ্জুরুলকে মারধর করেন।

এই ঘটনায় মঞ্জুরুল তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞত ৬-৭ জনের বিরুদ্ধে মামলা করেন।