রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড়ে ছুরিকাঘাতে আকাশ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ধোলাইপাড় কবরস্থান রোড মসজিদের সামনের রাস্তায় আকাশকে ছুরিকাঘাত করা হয়। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
এসআই মাসুদুল হক জানান, ভোরে কবরস্থান রোড মসজিদের সামনের রাস্তায় আহত রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন আকাশ। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মাসুদুল হক আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত আছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আসামিদের ধরতে কাজ করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত আকাশের ভাই মো. শাওন জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পদ্মারচর গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী মুরাদপুর এলাকায় থাকেন। বাবার নাম শামসুদ্দিন মজনু। আকাশ তাদের সঙ্গে তেমন যোগাযোগ রাখতেন না। লেগুনাস্ট্যান্ডেই বেশিরভাগ সময় থাকতেন তিনি। কোনো সময় লেগুনা চালাতেন আবার হেলপারিও করতেন।
শাওন জানান, আহত অবস্থায় আকাশ বলেছিলেন মেহেদি হাসান বাট্টি নামের এক যুবক তাকে ছুরিকাঘাত করেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।