রাজবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক নারী সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত এ কে এম মাহবুবুল হক বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউয়িনের পাটকিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী নাসিমা খাতুন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকাল ৯টার দিকে নাসিমা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে ছুটি চান। তিনি ১১টার দিকে স্কুল থেকে যেতে চাইলে, প্রধান শিক্ষক তাকে বেলা ১টায় যেতে বলেন।
এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় ও এক পর্যায়ে মাহবুবুল হক নাসিমা খাতুনকে আঘাত করেন। তিনি তাকে মাটিতে ফেলে দেন। পরে ওই নারী শিক্ষকের স্বামী এসে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার চেষ্টা করেন। পরে শিক্ষক নেতারা ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করেন।
ভুক্তভোগী শিক্ষক নাসিমা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ আমি সকাল ৯টায় বিদ্যালয়ে আসি। আমাদের সাবেক প্রধান শিক্ষক মুকুল কুমার সাহার বাড়িতে যাওয়ার জন্য ছুটি চেয়েছিলাম। বিষয়টিকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্যার উত্তেজিত হয়ে এই কাজ করেছেন।'
তিনি আরও বলেন, 'প্রধান শিক্ষক আগেও দুই নারী শিক্ষককে লাঞ্ছিত করেছেন। পরে ওই দুই শিক্ষক বদলি হয়ে অন্য বিদ্যালয়ে চলে গেছেন।'
অভিযুক্ত প্রধান শিক্ষক এ কে এম মাহবুবুল হক বলেন, 'বিদ্যালয়ে সময়মতো না আসা এবং ১২টার আগে ছুটি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সমস্যা হয়েছিল। পরে আমাদের শিক্ষক নেতারা এসে সমাধান করে দিয়েছেন।'
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বালিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুই শিক্ষকের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা তাদের বিষয়ে ইউএনও এবং টিওর কাছে লিখিতভাবে অভিযোগ দিতে বলেছি।'
জানতে চাইলে বালিয়াকান্দি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি মৌখিকভাবে শুনেছি। ভুক্তভোগী শিক্ষককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'