রাজবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড় হিজলী গ্রামের একটি পাটখেত থেকে এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই শিক্ষার্থীর নাম বাদল মোল্লা (১৫)। তিনি বড় হিজলী গ্রামের হুমায়ূন মোল্লা ছেলে। বাদল স্থানীয় একটি কাওমি মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
নবাবপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান চাঁদ বলেন, 'বাদল গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি সেলুনে বসে ছিল। তখন তার মোবাইল ফোনে ৩ থেকে ৪ বার কল আসে। তারপর সে ওই সেলুন থেকে বের হয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। আজ সকাল পৌনে ৭টার দিকে স্থানীয় এক কৃষক বাদলের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পাটখেতে তার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন।'
তিনি আরও বলেন, 'আমরা ধারনা করছি, পূর্বের কোনো বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তরা হয়তো তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এরপর তার পুরুষাঙ্গও কেটে দিয়েছে।'
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, 'খবর পেয়ে সকাল ৮টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রয়েছে।'