রামপালে বাবা-ছেলের বিরুদ্ধে প্রতিবেশীকে হত্যার অভিযোগ
বাগেরহাটের রামপালে কথা কাটাকাটির জেরে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে।
এ ঘটনায় বাবা সাত্তার মল্লিক (৬৩)কে আটক করেছে পুলিশ। ছেলে আবু বক্কর মল্লিক (৩২)কে আটকে অভিযান চলছে।।
গতকাল বুধবার রাতে রামপাল উপজেলার কুমলাই গ্রামে হত্যার ঘটনা ঘটে।
নিহত দিদারুল আলম (৫০) কুমলাই গ্রামের ইউনুস মল্লিকের ছেলে ও অভিযুক্ত সাত্তারের প্রতিবেশী।
স্থানীয়দের বরাত দিয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, অভিযুক্ত সাত্তারের স্ত্রী মারা গেছেন। দিদারুল সাত্তারের ছেলে আবু বক্করকে বলেন তার বাবাকে বিয়ে দিতে। এতে ক্ষিপ্ত হয়ে দিদারুল আলমের ওপর হামলা চালায় সাত্তার মল্লিক ও তার ছেলে আবু বক্কর মল্লিক। মারধর ও কুপিয়ে গুরুতর আহত করেন দিদারুলকে। পরে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দিদারুলকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।