রামপুরায় পুলিশের সোর্স হত্যা: সহযোগীসহ প্রধান আসামি গ্রেপ্তার
রাজধানীর রামপুরায় পুলিশের সোর্স আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন—প্রধান আসামি কুমিল্লার হোমনা থানার মনু মিয়ার ছেলে রিমন ওরফে লিমন (২৩) এবং তার সহযোগী আসমত আলীর ছেলে মহিউদ্দিন শিবলু (৪০)।
মাহবুব আলম জানান, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। সে কারণে আলমগীরের ওপর ক্ষোভ তৈরি হয় তাদের। ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেন তারা।
গত শুক্রবার রাতে রামপুরা বউবাজার এলাকায় আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি। এ ঘটনায় তার বাবা রামপুরা থানায় হত্যা মামলা করেন।