রামপুরায় বাসে আগুন: কুমিল্লা ও ঢাকা থেকে আটক ৪
রাজধানীর রামপুরা এলাকায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম নিহত হওয়ার পরে বাসে আগুন দেওয়ার ঘটনায় ৪ জনকে আটক করেছে র্যাব।
আজ বুধবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাতে রামপুরা ও কুমিল্লা থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আজ দুপুর ৩টার দিকে কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
রাজধানীর রামপুরা এলাকায় বাসচাপায় নিহত হন এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন ।
গত ২৯ নভেম্বর রাতে রামপুরা এলাকায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম নিহত হন। এরপর বিক্ষুদ্ধ জনতা বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
ওই ঘটনায় রাজধানীর রামপুরা ও হাতিরঝিল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেন।
বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় রামপুরা থেকে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন— স্বপন (২৫) ও শহিদ (২২)। এ ছাড়া, মীরেরবাগ এলাকা থেকে আরও এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।