রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগ: রাজধানী থেকে আটক ৫

স্টার অনলাইন রিপোর্ট

রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও নাশকতায় উস্কানিতে জড়িত থাকার অভিযোগে রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে ৫ জনকে আটক করেছে র‌্যাব।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

আটককৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের মো. আব্দুল্লাহ আল মাহমুদ (২৯), রংপুরের মো. ওয়ায়েজ কুরুনী (২৭), সিরাজগঞ্জের মো. তাওহীদুল ইসলাম (২৬), ফেনীর মো. গাজী সাখাওয়াত (২৯) ও সাতক্ষীরার মো. হাবিবুর রহমান (৩০)।

তাদেরকে গতকাল রাতে আটক করা হয়।

সেসময় তাদের কাছ থেকে ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক, দেশবিরোধী-নাশকতা-উস্কানিমূলক লিফলেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে রাষ্ট্রবিরোধী কাজে জড়িত। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পেইজ ও গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী কাজ পরিচালনায় অর্থ সংগ্রহ করতো।

তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত ছিল বলেও জানান র‌্যাব কর্মকর্তা।