রিমান্ড শেষে সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারকৃত সজীব গ্রুপের চেয়ারম্যান ও তার চার ছেলে সহ আট জনকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। আদালত দুই জনের জামিন দিয়েছেন ও ছয় জনকে কারাগারে পাঠিয়েছেন।

আজ বুধবার বিকেলে তাদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।

আদালতের আদেশের পর কারাগারে পাঠানো হয়েছে সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম, হাসিব বিন হাশেম, তারেক ইব্রাহিম, শাহান শাহ আজাদ, মামুনুর রশিদ ও মো. সালাউদ্দিনকে। আর জামিন পেয়েছেন আবুল হাসেমের ছেলে তাওসীব ইব্রাহিম ও তানজীম ইব্রাহীম।

aagun.jpg
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ৫১ জন নিহত হয়েছেন। ছবি: আনিসুর রহমান/ স্টার

এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চার দিনের রিমান্ড শেষে আমরা আট জনকে আদালতে হাজির করি।’

‘চার দিনের রিমান্ডে কি তথ্য পেয়েছেন?‘ এ প্রশ্নের জবাবে এসপি বলেন, ‘আপনারা সবাই শ্রমিকদের কাছ থেকে শুনেছেন ও দেখেছেন সেখানে সেই ভবনের কী কী ত্রুটি ছিল। কর্মপরিবেশের কী ত্রুটি ছিল। সেখানে বিল্ডিং কোড মানা হয়নি। আমরা তাদেরকে নিবিরভাবে জিজ্ঞাসাবাদ করেছি যতগুলো অভিযোগ উথাপিত হয়েছে। তারা সদুত্তর দিতে পারেনি। তারা বারবার দুঃখ প্রকাশ করছে। তারা জানিয়েছে, এটি দুর্ভাগ্যজনক ঘটনা।’

‘বেশিরভাগ প্রশ্নে তারা নীরব ভূমিকা পালন করেছে। আমরা তাদের দেওয়া তথ্য ও আলামত তদন্ত করে দেখছি। সব কিছু যাচাই বাছাই করে শিগগির আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করবো,’ বলেন এসপি।
 
‘আর কেউ গ্রেপ্তার আছে বা হবে?' এ প্রশ্নের জবাবে এসপি জায়েদুল আলম বলেন, ‘আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তের প্রয়োজনে যদি কারও নাম আসে তাহলে গ্রেপ্তার করা হবে।’

‘তাদের কি আবার রিমান্ডে আনা হবে?’ এ প্রশ্নের জবাবে এসপি বলেন,  ‘তদন্তের প্রয়োজন হলে, তাদের আবার আনা হবে।’

এর আগে, গত বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডের পর শনিবার ওই আটজনকে পুলিশ গ্রেপ্তার করে। সেদিনই আদালত তাদেরকে চার দিনের রিমান্ডে দেন।