রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগানস্থ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

১৬-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক মোহাম্মদ জাফর (৪০) হ্নীলার জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/৬ এর বাসিন্দা। তার স্ত্রী মোবারাজান (৩৪) কে ধারালো দা দিয়ে ঘুমন্ত অবস্থায় হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনা জানার পরপরই অভিযান চালিয়ে পাশ্ববর্তী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাফরকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

নিহত মোবারাজানের স্বজনেরা জানিয়েছেন, ওই দম্পতির ৬ মাসের শিশুসহ চার সন্তান আছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার মোহাম্মদ জাফরের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয় আজ বিকালে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।