র‌্যাব-বিটিআরসির অভিযানে ৩০৯টি অনুমোদনহীন মোবাইল জব্দ, গ্রেপ্তার ৭

স্টার অনলাইন রিপোর্ট

বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনবিহীন মোবাইল ফোন বিক্রির অভিযোগে রাজধানীর পল্লবীতে একটি শপিংমলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ, অনুমোদনবিহীন ও চোরাই মোবাইল ফোন জব্দ এবং চোরাকারবারি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিদর্শক দল ও র‌্যাব-৪-এর সদস্যরা এই অভিযান পরিচালনা করে বলে বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অভিযানে ৩০৯টি অবৈধ, অনুমোদনবিহীন ও চোরাই মোবাইলফোন জব্দ করা হয়।

জব্দ করা মোবাইলগুলোর মধ্যে রয়েছে, ভিভো ব্র্যান্ডের ৩৮টি, অপ্পো ব্র্যান্ডের ৬৩টি, স্যামসাং ব্র্যান্ডের ৯টি, রেডমি ব্র্যান্ডের ৩৬টি, সনি সনি এক্সপেরিয়া ব্র্যান্ডের ২টি, আইফোন ৩৭টি, এইচটিসি ব্র্যান্ডের ৪টি, সিম্ফোনি ব্র্যান্ডের একটি, এলজি ব্র্যান্ডের ৩টি, নোকিয়া ব্র্যান্ডের ২টি, রিয়েলমি ব্র্যান্ডের ৭টি, পকো ব্র্যান্ডের একটি, নর্জো ব্র্যান্ডের একটিসহ সর্বমোট ৩০৯টি অনিবন্ধিত মোবাইল ফোন।

অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মাহমুদুল হাসান মাসুদ (২৮), মো. জিসান (২৫), মো. রাসেল (২৮), বিপ্লব হোসেন (৩২), মো. রায়হান (২৩), মো. রকি (১৯) ও মো. হাসিবুল ইসলামকে (২১)। 

255723671_277133524336747_5078731615457486759_n.jpg
গ্রেপ্তার চোরাকারবারি চক্রের ৭ সদস্য। ছবি: সংগৃহীত

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪১৩/৩৪ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

অভিযান চলাকালীন বিটিআরসির প্রতিনিধি দল তাদের নিজস্ব সফটওয়ায়ের মাধ্যমে আইএমইআই নম্বর যাচাই করে মোবাইল ফোনগুলোকে অনিবন্ধিত ঘোষণা করেন এবং তাদের সহায়তায় র‌্যাব সেই মোবাইল ফোনগুলো জব্দ করে। 

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গত কয়েক বছর ধরে তারা বিভিন্ন দেশ থেকে চোরাই পথে অবৈধভাবে মোবাইল ফোনগুলো দেশে নিয়ে আসে এবং সরকারের নির্ধারিত ট্যাক্স ফাঁকি দিয়ে আইএমইআই নম্বর পরিবর্তন করে ক্রেতাদের কাছে বিক্রি করেন। এ ধরনের অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করে অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজে শনাক্ত করতে পারে না বলে অপরাধীরা এর মাধ্যমে বিভিন্ন প্রকার অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।