লক্ষ্মীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা সুমন মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি চার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
রোববার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে আটক করা হয় তেওয়ারীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক সুমন মাঝিকে।
অন্য আসামিরা হলেন- নাজিম, মো. হোসেন, ইউছুফ ও হারুন।
ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে পুলিশ জানায়, ঘরের সিঁধ কেটে আজ ভোরে ৫ জন ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে। এসময় যুবলীগ নেতা সুমনসহ সবাইকে তিনি চিনে ফেলেন।
সদর থানা টহল পুলিশ গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দীন দ্য ডেইলি স্টারকে জানান, বিকেলে গৃহবধূ নিজে বাদী হয়ে মামলা করেন। মামলায় পাঁচ জনকে আসামি করা হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, চিকিৎসাধীন নারীর শরীরে আঘাতের চিহ্ন আছে।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ বলেন, প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
আসামি সুমনের ভাই লক্ষ্মীপুর পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক ও জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান দাবি করেন তার ভাই এ ঘটনায় জড়িত নন।