লক্ষ্মীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

লক্ষ্মীপুরে পৌর শহরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর সাবেক স্বামীকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে পৌর শহরের জেলা স্টেডিয়াম এলাকায় সিরাজ মিয়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদদীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত শহর ভানুর (৪৫) সঙ্গে খোকনের ৩০ বছরের সংসারে ৩ ছেলে আছে। তাদের মধ্যে ২ ছেলে বিয়ে করেছে।

সম্প্রতি খোকনকে তালাক দিয়ে তার সৎ ভাই ফকির শেখকে বিয়ে করেন ভানু। জেলা স্টেডিয়ামের পাশে একটি বাসায় গত কয়েক সপ্তাহ ধরে তারা বাস করছিলেন।

ওসি মো. জসিমউদদীন বলেন, 'স্বামীকে তালাক দিয়ে ভানু দেবরকে বিয়ে করে। এতে ক্ষুব্ধ হয়ে খোকন তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে ধারণা করছি।'

ওই বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা খোকনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি। 

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।