লালবাগে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক আরও ২
রাজধানীর লালবাগ এলাকা থেকে এক কিশোরীকে তুলে নিয়ে ৫ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুই জনকে আটক করেছে পুলিশ।
এর আগে সকালে আরও একজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মনির হোসেন শুভ (২২), আল আমিন (৩০) ও সবুজ (২৮)।
মনির হোসেন শুভকে আজ সকালে র্যাব এবং আল আমিন ও সবুজকে হাজারীবাগ থানা পুলিশ আটক করে।
এ ঘটনায় অভিযুক্ত আরও একজনকে খুঁজছে পুলিশ।
হাজারীবাগ থানার ওসি তদন্ত মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, 'ওই কিশোরীর সঙ্গে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন ও অনুসন্ধান করছে পুলিশ। তার পরিবারের লোকজন থানায় আছেন। আগে ঘটনাস্থল কোথায় সেটি নিশ্চিত হয়ে তারপর ওই এলাকার থানায় মামলা হবে।'
এ ঘটনায় লালবাগ থানায় মামলা হতে পারে বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়কারী বিলকিস বেগম দ্য ডেইলি স্টারকে জানান, কিশোরীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে।
