লালমনিরহাটে অপহৃত স্কুল শিক্ষার্থী কুষ্টিয়াতে উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি থেকে অপহৃত স্কুল শিক্ষার্থীকে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'কুষ্টিয়া পুলিশের সহযোগিতা অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। আগামীকাল রোববার আদালতে তার জবানবন্দি রেকর্ডের পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার শাকিলের বিরুদ্ধে মেয়েটির বাবা একটি মামলা দায়ের করেছেন। তাকে আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।'

স্কুল শিক্ষার্থীর বাবা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার মেয়েকে অপহরণের পর শাকিল মণ্ডল মোবাইলে হুমকি দিয়েছিল। সদর থানার ওসি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে আমার মেয়েকে উদ্ধার করেছে এবং শাকিলকে গ্রেপ্তার করেছে।'

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শাকিল মণ্ডল (২৪) পেশায় একজন স্টিলের তৈরি আসবাবপত্র ব্যবসায়ী।

পুলিশ জানায়, শাকিল মণ্ডল লালমনিরহাট সদর উপজেলায় একটি বাসা ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। সে গত ৩০ মার্চ ওই শিক্ষার্থীকে অপহরণ করে কুষ্টিয়ার ভেড়ামারা নিয়ে যান। পুলিশ মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।