লালমনিরহাটে জেএমবি সদস্যের যাবজ্জীবন
লালমনিরহাটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার আসামি রুহুল আমিন বাবুর বিরুদ্ধে সাজা ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। রুহুল আমীন বাবুর বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সমশেরপুর মুন্সীরহাট গ্রামে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে পাটগ্রামের রসুলগঞ্জ কলেজ রোডে পেপেল স'মিলে অভিযান চালিয়ে রুহুল আমীন বাবুকে আটক করে র্যাব। তার কাছে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ভর্তি গুলি ও উগ্রবাদী বই জব্দ করা হয়।
লালমনিরহাট জেলা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন জানান, রাষ্ট্রবিরোধী অপরাধে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৪ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত হওয়ায় আসামী রুহুল আমিন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।