লালমনিরহাটে পুলিশি নিরাপত্তা চেয়ে সাংবাদিকের জিডি
পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লালমনিরহাটের সাংবাদিক খোরশেদ আলম সাগর। আজ মঙ্গলবার সকালে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাতে জিডি হয়েছে। জিডি নম্বর ১২০৮।
খোরশেদ আলম সাগর একটি অনলাইন নিউজ পোর্টালে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী মাহবুব আলম লিকু তাকে গলাকেটে হত্যার হুমকি দিয়েছেন।
খোরশেদ আলম সাগর ডেইলি স্টারকে জানান, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টার বরাদ্দে অনিয়ম তুলে ধরে গত ২৫ নভেম্বর তিনি একটি প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হন হাসপাতালের প্রধান অফিস সহকারী মাহবুব আলম লিকু। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় লিকু মোবাইলে হুমকি দেন।
'আমি এমনকি আমার পরিবারের লোকজন এখন নিরাপত্তাহীনতায় রয়েছি,' তিনি খোরশেদ।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মাহবুব আলম লিকু। তিনি ডেইলি স্টারকে বলেন, হাসপাতালের সংবাদ সংক্রান্ত ফেসবুক স্ট্যাটাস নিয়ে তার সঙ্গে রেষারেষি হয়েছিল। পরে তা সমাধানও হয়েছে।
মোক্তারুল ইসলাম আরও বলেন, অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।