লালমনিরহাটে বিকাশ এজেন্টকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিকাশের এজেন্ট আইয়ুব আলী (৪০)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামে এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা নিহত আইয়ুব আলীর কাছে থাকা টাকার ব্যাগটি নিয়ে যায়।

নিহত আইয়ুব আলী কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে। তিনি স্থানীয় চাপারহাট বাজারে বিকাশের এজেন্ট ও মোবাইল রিচার্জের ব্যবসা করতেন। 

পুলিশ জানায়, প্রতিদিনের মতো আইয়ুব আলী দোকান বন্ধ করে টাকা নিয়ে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামে পৌঁছালে আইয়ুব আলীর পথ রোধ করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত রামদা উদ্ধার করা হয়েছে।