শপথ নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন হাসান ফয়েজ সিদ্দিকী। আজ শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি মো. জয়নাল আবেদীন দ্য ডেইলি স্টারকে জানান, নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য, সাবেক প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ৩ বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অংশ নেন।

তিনি বলেন, চলমান কোভিড-১৯ মহামারির কারণে শপথ অনুষ্ঠান খুবই সীমিত পরিসরে হয়েছে।

গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।